১৭ বছর পর আলফাডাঙ্গায় ছাত্রলীগের কমিটি
১৭ বছর পর বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ জুন) বিকালে সংগঠনটির জেলা শাখার সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী (রিয়ান) ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আগামী এক বছরের জন্য কাজী কাওসার হোসেন টিটোকে সভাপতি, রায়হান আহমেদকে সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম দেলোয়ারকে সহ-সভাপতি, শেখ আল-আমিন রেজওয়ানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আরিফিন সিদ্দিকী মিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া একইদিন সংগঠনটির জেলা শাখা অপর এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগেরও আংশিক কমিটি ঘোষণা দেন। পৌর কমিটিতে রায়হান আজিজ খানকে সভাপতি, মো. ইলিয়াস শেখকে সাধারণ সম্পাদক ও মো. রায়হান রনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী (রিয়ান) জানান, ‘আগামী এক বছরের জন্য জেলার আলফাডাঙ্গা উপজেলা ও আলফাডাঙ্গা পৌরসভা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এরাই পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।’
প্রসঙ্গত, সর্বশেষ ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে খান মিজানুর রহমানকে সভাপতি ও তৈয়বুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল।
মিয়া রাকিবুল/ বার্তা বাজার/এসজে