স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে এমন তথ্য কেউ দিতে পারবে না: মন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকা খরচ হয়েছে বা দুর্নীতি হয়েছে এরকম কোনো তথ্য কেউ দেখাতে পারবে? এমন তথ্য কেউ দিতে পারবে না বরং অন্য অনেক খাতের কোটি টাকা কানাডায় চলে গেছে।

শনিবার (১২ জুন) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য খাতের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত গবেষণা প্রতিবেদনের কড়া সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাত নিয়ে টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। করোনা মোকাবেলায় বিশ্বের সব দেশ বা সংস্থা বাংলাদেশের প্রশংসা করেছে। বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানরা বাংলাদেশের প্রশংসা করেছে।

তিনি বলেন, টিআইবি ঘরে বসে একটি সুন্দর প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা করোনা শনাক্ত করতে কোনো ব্যবস্থা গ্রহণ করিনি- এমন মিথ্যা প্রতিবেদন দিয়েছে। অথচ করোনা শনাক্তে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতির ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাত নিয়ে টিআইবির এমন প্রতিবেদন যুক্তিযুক্ত নয়। এটা শুধুমাত্র জনগণের কাছে ভুল তথ্য দেওয়ার জন্য প্রকাশ করা হয়েছে। টিকা দেওয়ার স্বচ্ছতার অভাব, বেড বাড়ানো হয়নি টিআইবির এমন মন্তব্য জনগণকে ভুল বার্তা দেয়। এমন মিথ্যাচার আমরা গ্রহণ করি না।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর