জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে আ.লীগ ভেসে যাবে: ফখরুল

দলের মধ্যকার বিভেদ-গ্রুপিং দূর করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। তবে আমাদের দুর্ভাগ্য যে আমরা যখন দল করি তখন শুধু গ্রুপিং করি। আমার লোক কে ওটা খোঁজা যাবে না।

আপনাকে জিয়াউর রহমানের লোক খুঁজতে হবে, খালেদা জিয়ার লোক খুঁজতে হবে। আপনি যদি এটা করতে না পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, আমাদের কোনো ভবিষ্যত নেই। ভবিষ্যত থাকবে তখনই যখন আপনারা একসাথে নামতে পারবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সবসময় আমাদের বিপথে নেওয়ার চেষ্টা করবে। আওয়ামী লীগ যা করছে করুক। তাদের এই অন্যায় জনগণের কাছে আর টিকতে পারবে না। জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে ও জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।’

শনিবার (১২ জুন) দুপুরে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন মির্জা ফখরুল।

তিনি বলেন, আসুন আমরা অতি দ্রুত নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, বিভেদগুলো দূর করে পুরোপুরি নিজেদের সংগঠিত করে ফেলি। ঐক্যবদ্ধ হয়ে জনগণকে একত্রিত করে যে দানব আমাদের বুকের ওপর চেপে বসেছে তাকে সরিয়ে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করি।

মির্জা ফখরুল আরও বলেন, আমাদেরই এ অবস্থার পরিবর্তন করতে হবে। বিএনপিকেই এই দায়িত্ব নিতে হবে। বিএনপি হচ্ছে সেই দল যারা জনগণের প্রতিনিধিত্ব করে, বিএনপি হচ্ছে সেই দল যার প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই দল যার চেয়ারপারসন হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া। যিনি গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর