শাহজালাল (রহ.)-এর ওরশ হচ্ছে না এবারও
মহামারি করোনাভাইরাসের প্রকোপে গতবারের মত এবারও সিলেটেও হযরত শাহজালাল (রহ.)-এর ওরশ হচ্ছে না। শনিবার (১২ জুন) দুপুরে শাহজালাল দরগা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে মাজারের মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান এই তথ্য জানান।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলে গত বছরের মতো এ বছরও (১ ও ২ জুলাই) দুইদিনব্যাপী হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২তম ওরস উদযাপিত হচ্ছে না।
তিনি আরও বলেন, ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার এবং ওই সময়ে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া ও মিলাদ পড়ার অনুরোধ জানাই।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, ৩৬০ আউলিয়া ও হযরত শাহজালাল (রহ.) ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, খাদেম সামুন মাহমুদ খাঁন, মো. শায়েদ ইকবাল ভূঁইয়া প্রমুখ।
বার্তা বাজার/এসজে