চট্টগ্রামের দক্ষিণ খুলশী এলাকা থেকে সিরিয়া ফেরত এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার (১১ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে সাখাওয়াত আলী নামে আইটিতে (তথ্য প্রযুক্তি) দক্ষ এক জঙ্গিকে গ্রেফতারের কথা জানান নগর সিটিটিসির উপপরিদর্শক (এসআই) রাছিব খান।
সিটিটিসির উপপরিদর্শক (এসআই) রাছিব খান জানান, গ্রেফতার সাখাওয়াত আলী লালু (৪০) একজন দক্ষ আইটি বিশেষজ্ঞ। তিনি নগরীর দামপাড়া এসএইচ পেট্রোল পাম্পের উত্তর পাশের গলির শেষ মাথা এলাকার বাসিন্দা এবং শেখ মোঃ শমসের আলীর ছেলে। সাখাওয়াত আলী ২০১২ সালে তার এক নিকটাত্মীয়র মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের জঙ্গি কার্যক্রমে যোগ দেন।
পরবর্তীতে জিহাদে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে ২০১৭ সালে তুরস্ক যান সাখাওয়াত। তুরস্ক হতে অবৈধপথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে ৬ মাস ‘হায়াত তাহরীর আরশাম’ এর কাছে ভারি অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নেন এবং ইদলিব এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর সিরিয়া সীমান্ত অতিক্রম করে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়ায় প্রবেশ করেন। এরপর ইন্দোনেশিয়া হতে শ্রীলংকা হয়ে পুনরায় ইন্দোনেশিয়ায় গিয়ে বসবাস করেন। ইন্দোনেশিয়ায় থাকাকালে তিনি জিহাদী কার্যক্রম পরিচালনা করেছেন। সর্বশেষ গত ২২ মার্চ দেশে ফিরেন।
এসআই রাছিব খান আরো জানান, সাখাওয়াত আলী লালুর কাছ থেকে বিভিন্ন জিহাদি কাগজপত্র, ১টি পাসপোর্ট, ১টি মোবাইল ফোন, ১টি ট্যাব ও ১টি মিনি নোটবুক জব্দ করা হয়েছে। খুলশী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তাবাজার/পি