ময়মনসিংহে নারী পাচার চক্রে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ময়মনসিংহ ও গাজীপুর জেলায় র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা কান্দাবাড়ি গ্রামের রইজ উদ্দিনের ছেলে ইউসুফ মিয়া (২৬) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মসলেম শেখের ছেলে রাব্বিল শেখ (২৮)।
শনিবার (১২জুন) দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক আবু নাঈম মো.তালাত।
অধিনায়ক আবু নাঈম মো.তালাত বলেন, সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের আজিজুল হকের দুই মেয়ে কুলসুমা আক্তার (২২) ও সুরাইয়া আক্তার (১৯) কে ভারতে পাচার করে এই চক্র। কুলসুমকে প্রেমের ফাঁদে ফেলে ইউসুফ প্রথমে বিয়ে করে, পরে মোটা অংকের লোভ দেখিয়ে ভারতে পাচার করে। এ কাজে তাকে সহযোগিতা করে রাব্বিল শেখ।
গত ৫ জুন আজিজুল হক শ্রীপুর থানায় একটি মামলা করলে শুক্রবার (১১ জুন) রাতে পাচার চক্রে জড়িত ইউসুফকে নিজ বাড়ি থেকে এবং রাব্বিল শেখকে শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই লক্ষ ২৪ হাজার টাকাসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
মানব পাচারকারী এই চক্রটি ৩৫ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে দীর্ঘদিন নারী পাচার করে আসছে। এই চক্রের সকল সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
বার্তাবাজার/পি