ক্ষমতা পাগল বিএনপি নেতারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নের মুখে ফেলেছে। বিএনপি ক্ষমতা পাগল, তারা এখন দিক বিদিক শূন্য।

ক্ষমতা ফিরে পাওয়ার মোহে বিএনপি নেতারা এখন মিথ্যাচার ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

শনিবার (১২ জুন) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা দেশের স্বাধীনতায় ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তারাই দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের ষড়যন্ত্র সফল হবে না, তাদের চরিত্র এখন দেশবাসীর কাছে স্পষ্ট।

গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ পালন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের আগে কারা তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন তা দেশবাসী জানে উল্লেখ করে কাদের বলেন, কারা হামলা ও এর পৃষ্ঠপোষক এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা জড়িত তা ভিডিও ফুটেজে স্পষ্ট হয়েছে। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। তারা যতই অস্বীকার করুক সাম্প্রদায়িক অপশক্তির তোষণ নীতি থেকে বের হতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাস চালিয়ে এর দায় ভার আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিতে চেয়েছে। নিজেদের অপকর্ম ও ব্যর্থতা আড়াল করতে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর