অ্যাম্বুলেন্স চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্সরে সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলটির দুই আরোহী নিহত ও অ্যাম্বুলেন্সটির চালক আহত হয়েছেন।

শনিবার (১২ জুন) সকাল ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউরের রহমান সিএনজি পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক আব্দুল আলিম (২৬) জেলার শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া ইন্তাজগঞ্জ বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং মোটর সাইকেলটির আরোহী দীপক হালদার (২৫) একই উপজেলার কান্দা শাকরাইল গ্রামের দিনেশ চন্দ্র হালদারের ছেলে। আব্দুল আলিম রাজধানীর তেজগাও আড়ং কার্যালয়ে চাকুরী করতেন এবং দীপক হালদার তাতীবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। তাঁরা দুজনই সাপ্তাহিক ছুটি কাটিয়ে মোটরসাইকলে চড়ে কর্মস্থলে ফিরছিলেন।

আহত অ্যাম্বুলেন্স চালক রনি মিয়াকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে গুরুতর অবস্থায় সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ মনিরুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে মোটরসাইকেল এবং যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের(ঢাকা মেট্রো ছ-৭১-২৪৩৫) সাথে ঢাকাগামী মোটরসাইকেলের (ঢাকা মেট্রো হ ১৪-৮৮১১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলটির দুই আরোহী এবং আহত হন অ্যাম্বুলেন্সটির চালক।

নিহতদের মরদেহ হাসপাতালটির মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি জব্দ করে গোলড়া থানায় রাখা হয়েছে।
এদিকে, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সে থাকা লাশটি অন্য একটি অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয়েছে, বলে জানান মনিরুল ইসলাম।

আফ্রিদি আহাম্মেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর