চট্টগ্রাম নগরীতে কবরস্থানে নতুন সাইনবোর্ড সাঁটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুন) বেলা ১১ টার দিকে নগরীর পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকার বড় মৌলভি কবরস্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।
আহতরা হলেন- মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫), মো. ফয়সাল (২৮), মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), মো. জয় (১৪), মো. শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মো. মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।
এর মধ্যে মাসুদ, কাইছার, মুরাদ ও ফয়সাল গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
জানা যায়, পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকার বড় মৌলভি বাড়ির পাশে একটি কবরস্থান আছে। লোকজনের কাছে এটি বড় মৌল্ভি করবস্থান নামেও পরিচিত। বাড়ির লোকজনের দাবি, এটা তাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত পারিবারিক কবরস্থান। সেই দাবি মত শুক্রবার সকালে তারা সেখানে সাইনবোর্ড সাঁটাতে গেলে পাশের ইয়াকুব আলীর বাড়ি ও তাঁদের লোকজন গিয়ে বাধা দেন।
ইয়াকুব আলীর বাড়ির লোকজনের দাবি, এটা ১০০ বছর ধরে স্থানীয়দের সম্মিলিত সামাজিক সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কারও পৈতৃক সম্পত্তি নয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের তিন থেকে চারজনের হাতে পিস্তল দেখা গেছে। বেশির ভাগেরই হাতে ছিল ইটপাটকেল ও লাঠিসোঁটা।
এ বিষয়ে বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।