যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের ৭০ শতাংশ এলাকা তালেবানের দখলে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে। জাতিসংঘের বিশ্লেষকদের মতে, সৈন্যরা চলে গেলে পুরো দেশটাই তালেবানের দখলে চলে যাবে।
আনাদোলু এজেন্সি এক খবর বলে, আফগানিস্তানের ৪০৭টি জেলার মধ্যে ৯০টি জেলা এখন পুরোপুরি তালেবানের দখলে। অন্যদিকে, আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়ে ৬৪ টি জেলা। বাকি অঞ্চলগুলো তালেবান ও সরকারি বাহিনী একে অপরের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে না।
জাতিসংঘের তথ্য বলছে, আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রনে। রাজধানী সন্নিকটে পৌঁছে গেছে তালেবান। কাবুল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে কট্টর ইসলামপন্থি এই সশস্ত্র গোষ্ঠী।
এদিকে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী আবারও নতুন করে তালেবানের বিরুদ্ধে বড় অভিযানে নেমেছে। ২৪ ঘন্টার টানা অভিযানে ১১৯ তালেবান তাদের হাতে নিহত হয়েছে। অর্ধশতাধিক আহত হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের গজনি, আরজগান, হেরাত, সারপোল, ফারিয়াব, বাগলান এবং তোখার প্রদেশে একযোগে এসব অভিযান চলে। তাতেই তালেবানের প্রায় ২০০ সদস্যকে নিষ্ক্রিয় করা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, তালেবানদের সাথে ওই সংঘটিত অভিযানে নিরাপত্তা বাহিনী প্রচুর অস্ত্রশস্ত্রও জব্দ করেছে।
আফগানিস্তান ছেড়ে বিদেশি সেনারা চলে গেলে তালেবান বড় ধরণের অভিযান পরিচালনা করবে এমন আশঙ্কা রয়েছে। তাই বিদেশি সেনারা থাকাকালীন একাধিক বড়বড় অভিযান পরিচালনা করছে আফগান নিরাপত্তা বাহিনী।
বার্তা বাজার/এসজে