চট্টগ্রামের কর্ণফুলীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ হাজার ১২০ লিটার চোরাই পামওয়েলসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (১০ জুন) রাতে উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাকলিয়া এলাকার বদিউল আলমের পুত্র মো. মিজানুর রহমান (৩০), ভোলা জেলার মো. সেলিমের পুত্র মো. মাকসুদুর রহমান (২৬), পটিয়ার মৃত কবির আহম্মেদের পুত্র মো. জানে আলম (৫২), কর্ণফুলী উপজেলার কুলালপাড়া এলাকার আবদুল মাবুদের পুত্র মো. তাহের (৩০) ও বন্দর পশ্চিম নিমতলা এলাকার আবদুল মজিদের পুত্র মোঃ মঞ্জুর আলম (২৫)।
র্যাব ও কর্ণফুলী থানা সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ হাজার ১২০ লিটার চোরাই পামওয়েল উদ্ধার ও ব্যবহৃত দুইটি গাড়ি জব্দসহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পামওয়েল মজুদ করে সাধারণ মানুষের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই পামওয়েলের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ২০ হাজার টাকা। এসময় চোরাইকৃত পামওয়েল পরিবহন কাজে ব্যবহৃত চট্টমেট্রো ট-০৫-০৯৫৫ ও চট্টমেট্রো-ট-০৫-০৩২০ দুইটি গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুমন শাহ/বার্তা বাজার/এসজে