মশক নিধনে ৫০ হাজার মাছ অবমুক্ত করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। শুক্রবার (১১ জুন) বিকেল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমির পাশ্ববর্তী খালে মাছ অবমুক্ত করার মাধ্যমে জৈবিক উপায়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, প্রাথমিকভাবে ৫০ হাজার মাছ অবমুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরো মশক নিধনকারী মাছ অবমুক্ত করা হবে। মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জৈবিক উপায়ে মশক নিধনে সিটি কর্পোরেশন কাজ করছে। ইতোপূর্বে ১০ হাজার ব্যাঙ নগরীর বিভিন্ন খাল, ড্রেন ও জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরো জানান, মশক নিধনে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন এবং বৃক্ষ রোপনেরও পরিকল্পনা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। তেলাপিয়া ও খলিশা মাছ নগরীর বিভিন্ন খাল, ড্রেন ও জলাশয়ে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
এ সময় ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সাকিব/বার্তা বাজার/এসজে