সরকারি চাল বিতরণ নিয়ে দ্বন্দ: যুবলীগ নেতাকে কোপাল ইউপি সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকার কর্তৃক প্রদত্ত ভিজিএফ চাল বিতরণ নিয়ে দন্ধে রফিকুল ইসলাম সবুজ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়েছে স্থানীয় ইউপি সদস্য নূরে আলম ও তার সঙ্গীরা। বৃহস্পতিবার (১০ জুন) বিকালে উপেজলার মোগড়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার ঘটনায় রাতেই গ্রেফতার করা হয়েছে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও খারকোট গ্রামের বাসিন্দা নূরে আলমকে।

জানা যায়, গত ৩১ মে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ নিয়ে রফিকুল ইসলাম সবুজের সাথে বাগবিতণ্ডা হয় নূরে আলমের। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া বিষয়টি মীমাংসা করে দেন।

হামলার শিকার রফিকুল ইসলাম সবুজের ভাই জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে খারকোট গ্রামের বাড়ি থেকে মোগড়াবাজার ফিরছিলেন তার ভাই রফিকুল ইসলাম সবুজ। পথিমধ্যে পূর্ব থেকে দেশীয় সশস্ত্র নিয়ে ওতপেতে থাকা নূরে আলম মেম্বার ও তার লোকজন রফিকুল ইসলাম সবুজের ওপর হামলে পড়ে। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি মিজানূর রহমান জানান, এ ঘটনায় আহত রফিকুল ইসলাম সবুজের ভাই মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ওয়ার্ড মেম্বার নূরে আলমকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর