মহামারি করোনাভাইরাসসহ সর্বক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
শুক্রবার (১১ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভুটান, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর ও ভিয়েতনামে মহামারি করোনাভাইরাসে খুব কম সংখ্যক মানুষ মারা গেছেন। এদিকে সরকারি হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত সাড়ে ১২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। কিন্তু প্রকৃত সংখ্যা আরও বেশি।
তিনি বলেন, আইয়ুব, ইয়াহিয়ার আমলেও দেশের মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকারসহ সব মৌলিক ও মানবাধিকার হরণ করে নিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক দল। ইনশাল্লাহ দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সংগ্রাম অব্যাহত রাখবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বার্তাবাজার/নব