বিয়ে করেছেন রেলমন্ত্রী সুজন, জানা গেল পাত্রীর পরিচয়

বিয়ে করলেন ৬৫ বছর বয়সী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। দিনাজপুরের মেয়ে অ্যাডভোকেট শাম্মী আকতার মনিকে বিয়ে করেছেন তিনি।

গত ৫ জুন (শনিবার) ইসলামী শরিয়াহ ও সরকারি আইন মেনে ঢাকায় হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন।

দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার শাম্মী আকতার মনির বাসা। তার বাবার নাম মরহুম আব্দুর রহিম। তার দুই ভাইয়ের একমাত্র বোন তিনি।

বোনের বিয়ে প্রসঙ্গে জাহিদুল ইসলাম মিলন বলেন, আমার বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকে। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে প্র্যাকটিস করছে। আইনি বিষয়ে পরমর্শ নিতে কিছুদিন আগে রেলমন্ত্রীর কাছে যায় আমার বোন। পরে আমার বোনকে মন্ত্রীর পছন্দ হয়।

তিনি আরও বলেন, গত ৫ পারিবারিকভাবে জুন তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনে পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনের আগের দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর অসুস্থতার কারণে মারা যান নূরুল ইসলাম সুজনের স্ত্রী, তিন সন্তানের জননী নিলুফার ইসলাম। নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন।

তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর