৩ আসনের উপনির্বাচনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৯৪ জন। প্রত্যাশীর আধিক্য সাংগঠনিক দুর্বলতার প্রকাশ বলছেন নেতারা।
কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাসহ তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৯৪ জন। তাদের মধ্যে প্রয়াত ৩ সাংসদের স্ত্রীসহ স্বজনরাও আছেন। তবে সব ধরনের নেতাকর্মীই মনোনয়ন চাচ্ছেন বলে দলের ভেতরেই এ নিয়ে কথা উঠেছে।
যদিও দলের দপ্তর থেকে বলা হচ্ছে, প্রার্থীদের অতীত সম্পর্কে জেনেই মনোনয়ন ফরম বিতরণে সতকর্তা অবলম্বন করায় প্রার্থী সংখ্যা অনেক কম হয়েছে।
ঢাকা ১৪ আসনে উপ নির্বাচনে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করতে নানান প্রশ্নের মুখে পড়েন ওয়ার্ড পর্যায়ের এক নেতা। পরে নিশ্চিত হয়ে মনোনয়ন ফরম দেয়া হয় তাকে।
গত ৪ঠা জুন থেকে ১০ই জুন পর্যন্ত চলে সংসদীয় তিন উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম। ৯৪ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন সহযোগী সংগঠনের হেভিওয়েট নেতাকর্মী ছাড়াও প্রয়াত তিন সাংসদের স্ত্রী ও স্বজনারও আছেন।
আগামীকাল শনিবার গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় তিন সংসদীয় আসনের উপ-নির্বাচনের প্রার্থিতা চুড়ান্ত করা হবে।
বার্তাবাজার/পি