করোনা উর্ধমুখী সংক্রমণ প্রতিরোধে রাজশাহীতে সর্বাত্মক লকডাউন জারি করা হয়েছে। এ জন্য শুক্রবার (১১) জুন মধ্যরাত থেকে রাজশাহীর সাথে সারাদেশের সব রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) রাতে রেল মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সব ট্রেন বন্ধ থাকবে। তবে আম পরিবহনের জন্য চালু করা বিশেষ ট্রেন চলাচলও বন্ধ হচ্ছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী শহরে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর রাজশাহী শহরে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণার কথা জানান।
তিনি বলেন, রাজশাহীতে প্রথমে সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। তারপর আরও দুই ঘণ্টা এগিয়ে বিকাল ৫টা থেকেই বিধিনিষেধ আরোপ করা হয়। এই কয়দিন আমরা পর্যবেক্ষণ করছিলাম। এবার শুক্রবার বিকাল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী শহরে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।
বার্তা বাজার/এসজে