নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮৪ টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬২ জন।
বৃহস্পতিবার (১০ জুন) নাটোর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে, জেলা করোনা শনাক্তের হার প্রায় ৩৩ দশমিক ৭ শতাংশ। আক্রান্তের মধ্যে ৪৯ জনই নাটোর সদর এলাকার। অর্থাৎ নাটোর সদরেই শনাক্তের ৭৯ শতাংশ আক্রান্ত। আর সিংড়ায় শনাক্ত পাঁচজন। বাকি আটজনের মধ্যে চারজন বাগাতিপাড়ার, চারজন গুরুদাসপুর উপজেলার। এদের মধ্যে ৪৩ জন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতরা হলেন- নীচাবাজার এলাকার রেন্টু, সদর উপজেলার প্রকৌশলী কার্যালয়ের কার্যসহকারী নবী আহমেদ ও বঙ্গোজ্জল এলাকার উত্তম কুমার।
জেলা সিভিল সার্জন মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত নাটোরে মোট ১৫ হাজার ১০৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৬ জন।
এদিকে করোনার সংক্রমণ রোধে নাটোর সদর ও সিংড়ায় লকডাউনের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবারও মাঠে রয়েছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট।
তবে সরেজমিনে গিয়ে বিভিন্ন মহল্লায় ক্ষুদ্র যানবাহন চলাচল করতে দেখা গেছে। এমনকি মহল্লার খেলার মাঠগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন বয়সী মানুষের সরব উপস্থিতি দেখা গেছে।
এছাড়া করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর সদর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যাও। ৩১ বেডের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছে ৪৩ জন। এ অবস্থায় চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে ৩০টি সিলিন্ডারের মাধ্যমে বিনামূল্যে ১৭৫ কিউবিক মিটার অক্সিজেন সরবরাহ করা হয়েছে।
সদর হাসপাতালে শয্যা না থাকায় পাঁচ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
সাকলাইন শুভ/ বার্তা বাজার/এসজে