চিংড়িতে কেমিক্যাল ঢুকানোর অপরাধে জরিমানা, ২৮০ কেজি মাছ জব্দ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ২৮০ কেজি মাছ বিনষ্ট করাসহ ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল-এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের হাজিরহাট খোলা বাজারের ব্যবসায়ী নরেন্দ্রনাথ পরমান্ন এর ছেলে পঞ্চানন পরমান্নকে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ২৮০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে নদীতে ফেলে দেওয়া সহ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সরকারের নির্দেশ অমান্য করে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর শাস্তি ও জরিমানা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক, সহকারি মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অফিস আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
মীর খায়রুল আলম/ বার্তা বাজার/এসজে