মাগুরায় ৮ ইজিবাইকসহ চোরাকারবারি চক্রের ৪ সদস্য আটক

মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত ৮টি ইজিবাইকসহ চোরাকারবারি চক্রের ৪ সদস্যকে আটক করছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার (০৯ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো উপজেলার শ্রীকোল গ্রামের হাশেম জোয়ার্দারের ছেলে ইমরান জোয়ার্দার, একই গ্রামের তেছেম আলীর ছেলে আশেম আলী (৪৬)। উপজেলার নোহাটা পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আকিদুল ইসলাম (৪১) ও দাইরপোল গ্রামের সদর উদ্দিনের ছেলে লিটন বিশ্বাস।

জানা যায়, দীর্ঘদিন ধরেই মাগুরা জেলার শ্রীপুর থানায় ইজিবাইক চোর চক্রের ব্যাপক তৎপরতা বেড়ে যাওয়ায় মাগুরা জেলা পুলিশের নজরে আসে। চোর চক্রটিকে নির্মূল করার জন্য তৎক্ষনাৎ শ্রীপুর থানা পুলিশকে অভিযানের জন্য নির্দেশ দেয় মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম৷

অভিযানে মাগুরা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান(প্রশাসন ও তদন্ত), অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী (সদর সার্কেল),ও শ্রীপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়ের সার্বিক দিক নির্দেশনায় শ্রীপুর থানার এসআই দীপংকর কুমার দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে চোরাইকৃত ৮ টি ইজিবাইক উদ্ধার করেন।

এ সময় চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়। এসআই দীপংকর কুমার নাথ ও তার সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন টহলের সময় ০৯ মে ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি ইমরান জোয়ার্দার চোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাৎক্ষণিক ইমরানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে রহস্যে ঘেরা অনেক অজানা তথ্য।

ইমরান জানায়, আসামিস আরিফ মোল্যা ও আসামী রাজনের নিকট হতে চোরাই ইজিবাইক স্বল্পমূল্যে ক্রয় করে আসামি মোঃ হাশেম আলী, মোঃ লিটন বিশ্বাস, পলাতক আসামি মোঃ সবুজ শেখ, পলাতক আসামি সালমান শেখসহ নাম না জানা ৫/৬ জনের নিকট বিক্রয় করে।

আসামি ইমরানকে নিয়ে একই গ্রামের হাশেম আলী ও মোঃ সবুজ শেখের বাড়িতে গিয়ে বাড়ির উঠান থেকে তাদের দখলে থাকা ২ টি লাল খয়েরী ও ২ টি সবুজ রংয়ের মোট ৪ টি ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

এরপর খামাড়পাড়া গোরস্থান মোড়ের ইজিবাইক স্ট্যান্ড থেকে আসামী আকিদুল এর দখলে থাকা ১ টি ও আসামী লিটন বিশ্বাসের দখলে থাকা আরো ১ টি লাল খয়েরী রংয়ের ইজিবাইক উদ্ধার করা হয়।

এ সময় পুলিশ দেখে আসামি সালমান শেখ তার দখলে থাকা ইজিবাইক নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় ১ টি লাল খয়েরী রংয়ের ইজিবাইক ফেলে রেখেই পালিয়ে যায়। এ সময় আরো একটি সবুজ রংয়ের ইজিবাইক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

উক্ত অভিযানে মোট ৪ জন আসামী গ্রেফতার ও তাদের দখলে থাকা ৬ টি ইজিবাইক উদ্ধার করে পুলিশ। এছাড়াও দুটি ইজিবাইক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার রাতে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে যার মামলা নং-০৬, এবং ধারা-৪১৩/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করে ১০ জুন বৃহস্পতিবার আসামীদের আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে শ্রীপুর থানার ওসি সুকদেব রায় সাংবাদিকদের জানান, সম্প্রতি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ইজিবাইক চোর চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মাগুরা পুলিশের অভিযানে বিভিন্ন স্থান হতে মোট ৮ টি চোরাইকৃত অটো উদ্ধার করা হয়। ইজিবাইক চোরাকারবারির সাথে জড়িত ৪ জনকে আমরা আটক করি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে।

তাছিন জামান/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর