করোনাভাইরাসের সংক্রমণ না কমায় নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, করোনার সংক্রমণ না কমায় জেলা পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান এ লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৮ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।
তিনি আরও বলেন, লকডাউনের সময় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।
এর আগে গত ৫ জুন ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান।
উল্লেখ্য, নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৭৭ জনে। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১২৫ জন।
বার্তাবাজার/নব