সিংগাইরে দ্রুত সময়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন (৩০) নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা গ্রামের মোঃ কালা মিয়ার পুত্র মোঃ জাফর মিয়া(২৭) ও মৃত মোঃ আকিম মিয়ার পুত্র তোতা মিয়া(৫০)।

উল্লেখ্য, গত বুধবার(৯ জুন) রাত সোয়া ৮ টার দিকে সিংগাইর থানাধীন বাস্তা বাসস্ট্যান্ড এলাকার মোঃ বশির আহম্মেদ ও নাসির উদ্দিনের খাবার হোটেলের সামনে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ওপর নাসির উদ্দিন, তার ভাই বশির আহমেদ ও এরশাদ মিয়াকে প্রতিপক্ষরা আক্রমণ করে গুরুতর আহত করে।

তখন গুরুতর আহত নাসির উদ্দিনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় মৃত নাসির উদ্দিনের ছোট ভাই মোঃ বশির আহম্মেদ বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের অল্প সময়ের মধ্যে সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল রেজাউল হকের তত্ত্বাবধানে ও থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত ২ আসামিকে গ্রেফতার করেন।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা আসামি গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদ্বয়কে রিমান্ডে পাওয়ার আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মিলন মাহমুদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর