লোকালয়ে বিচরণ করা হনুমানটি মধুপুর জাতীয় উদ্যানে অবমুক্ত

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির হনুমানটি মধুপুর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর ও মধুপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম। এর আগে বুধবার (৯ জুন) বিরল প্রজাতির হনুমানটি আশঙ্কাজনক অবস্থায় পড়ে ছিলো।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে বিকেলে ডুবাইল এলাকায় গিয়ে ওই হনুমানটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। রাত ৯ টায় বিভাগীয় বনকর্মকর্তার অনুমতিতে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে হঠাৎ করেই ডুবাইল এলাকায় ব্যবসায়ী মামুন মিয়ার বাড়িতে আসে হনুমানটি। খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করতে থাকে বাড়িটিতে। কেউ কেউ কলা, পাউরুটিও খেতে দেয় এই হনুমানটিকে।

সোমবার (৭ জুন) হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এসময় একটি কুকুর প্রাণীটির পিঠে কামড় দেয়। এতে অসুস্থ হয় হনুমানটি। তারা হনুমানটির ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয়। এরপর দুইদিন (মঙ্গলবার এবং বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোন সহায়তা পাননি ওই ব্যবসায়ী।

বুধবার (৮ জুন) সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি আরো অসুস্থ হয়ে পড়লে সেটি গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন সেটিকে পলিথিন দিয়ে ঢেকে দেয়।

হাসান শিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর