ইয়াবাসহ রোহিঙ্গা আটক, ‘পলাতক আসামিদের বিরুদ্ধে ষড়যন্ত্র’- দাবি পরিবারের

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)। এই ঘটনায় দুই ছাত্রকে পলাতক আসামি করা হয়েছে। আসামিদের পরিবার দাবি করছে, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ২৩নং শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ব্লক-এ/৪ সংলগ্ন আজগর আলীর উঠান থেকে তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তি ২৩ নং রোহিঙ্গা শিবিরের এ/৫ এর বাসিন্দা মৃত সালামত উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (২০) বলে নিশ্চিত করেছেন ১৬-এপিবিএন এর অধিনায়ক তারিকুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নং রোহিঙ্গা শিবির সংলগ্ন খেলা মাঠের পশ্চিম পাশে জনৈক আজগর আলীর উঠানে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব ইয়াবা বাহারছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হকের দুই ছেলে ফয়সাল (২২) ও ফারুক (১৯) এর বলে স্বীকার করেছে। ধৃত ব্যক্তিকে মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বাহারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুল হকের দাবী, আমার ছেলে ফয়সাল চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ও ফারুক একই কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আমাকে ঘায়েল করতে আমার প্রতিপক্ষ ইউনুছ মেম্বার ষড়যন্ত্রমূলকভাবে আমার দুই ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর