শেখ হাসিনার পতন ছাড়া ঘরে ফিরবো না: আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেন, আন্দোলনের ডাক এলে আমি নব্বইয়ের চেতনায় ঘোষণা দিতে চাই, শেখ হাসিনার পতন ছাড়া ঘরে ফিরবো না। এভাবে সকলে প্রস্তুতি নিন।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে এক আলোচনা সভায় আমান উল্লাহ আমান এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের একটি স্লোগান হচ্ছে, ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ।’ এই হাসিনা সরকারকে হটিয়ে সেই শহীদ জিয়ার বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে দলের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ মহানগরের নেতারা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর