অবশেষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার সুস্থ হয়ে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সাড়ে ১২ টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র হিসেবে শপথ পাঠ করেন তিনি। ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান তাকে শপথ পাঠ করান।
মেয়রের ছোট ভাই লিটন কুমার সরকার শপথ গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, দাদা আজ বৃহস্পতিবার দুপুরে (মেয়র) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। দাদা এখন সুস্থ আছেন। সবাই দাদার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, গত (৩ মার্চ) বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গার একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইল্যার মোড় নামক এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ওই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেয়র নিমাই চন্দ্রের স্ত্রী সঞ্চিতা সরকার ও ছেলে গৌরব সরকারসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় কমপক্ষে ১০ জন।
গুরুতর আহতাবস্থায় মেয়রকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মেয়রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচএ পাঠানো হয়। এরপর থেকে দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি