সারাদেশে নির্মিত ৫৬০টি মডেল মসজিদের মধ্যে ৫০টির উদ্বোধন হলো আজ। বৃহস্পতিবার (১০ জুন) সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখা হাসিনা ভার্চুয়ালি এসব মসজিদের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার রাজালাখ হর্টিকালচার সেন্টার সংলগ্ন স্থানে অবস্থিত এই নান্দনিক স্থাপনাটির উদ্বোধন সম্পন্ন হয়।
ভার্চুয়ালি এই মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন – মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
উদ্বোধন শেষ বার্তা বাজারকে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, ধর্মীয় কুসংস্কার ও গোড়ামি দূর করা ও সত্য প্রচারে সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর এই মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার তৈরীর উদ্যোগটি সফল হবে এই প্রত্যাশা করি। পাশাপাশি এই ঐতিহাসিক উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মডেল মসজিদের জমি নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এবং এর নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতিও সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন – ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন প্রমুখ সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার রাজালাখ হর্টিকালচার সেন্টার সংলগ্ন স্থানে অবস্থিত এই নান্দনিক স্থাপনাটি। এখানে সাত শতাধিক মুসল্লী (নারী ও পুরুষ) এর জন্য ইবাদতখানা, ইসলামিক লাইব্রেরী, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার , প্রতিবন্ধীদের জন্য ইবাদতখানা, গণশিক্ষা কেন্দ্র , প্রশিক্ষণ কেন্দ্র, কফিন ঘর, শবদেহের গোসলের জন্য কক্ষসহ নানা আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ এই নান্দনিক স্থাপনাটি।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুন) যে ৫০টি উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো— ঢাকার সাভার, ফরিদপুরে মধুখালী, সালথায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর, মানিকগঞ্জের শিবালয়, রাজবাড়ী সদর, শরীয়তপুর সদর ও গোসাইরহাট, বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর ও কাহালু, নওগাঁর সাপাহার ও পোরশা, সিরাজগঞ্জ জেলা সদর ও উপজেলা সদর, পাবনার চাটমোহর, রাজশাহীর গোদাগাড়ী ও পবা, দিনাজপুরের খানসামা ও বিরল, লালমনিরহাটের পাটগ্রাম, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও উপজেলা সদর, রংপুর জেলা সদর, মিঠাপুকুর, উপজেলা সদর, পীরগঞ্জ, বদরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের হরিপুর, নোয়াখালীর সুবর্ণচর, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা, চট্টগ্রাম জেলা সদর, লোহাগড়া, মিরসরাই ও সন্দ্বীপ, জামালপুরের ইসলামপুর ও উপজেলা সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগরে, ভোলা সদর, সিলেটের দক্ষিণ সুরমা, কুমিল্লার দাউদকান্দি, খাগড়াছড়ির পানছড়ি, কুষ্টিয়া সদর, খুলনার জেলা সদর, চাঁদপুরের কচুয়া, ঝালকাঠির রাজাপুর এবং চুয়াডাঙ্গা সদর।
বার্তাবাজার/পি