বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুর এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে ঢাকা-গাজীপুরের ওই অংশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা তাদের বকেয়া, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিল।
কারখানার শ্রমিক বেলাল মিয়া জানান, বুধবার মালিক কারখানায় আসলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন পাওয়া পরিশোধের বিষয়ে কোন প্রতিশ্রুতি না দিয়ে চলে যান। আর তাই বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে ও সড়কে অবস্থান করছিল।
তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বার্তাবাজার/নব