ইসলামের প্রচার ও প্রসার এবং মসজিদকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। এর মধ্যে প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে প্রথম ধাপে নির্মিত এই ৫০ মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, মুষ্টিমেয় লোক সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড করে ইসলামকে দোষারোপ করে। আমি বিশ্বের যেখানেই গেছি, এ বিষয়ে কথা উঠলে সব ফোরামে বলেছি, মুষ্টিমেয় লোকের কর্মকাণ্ডে ধর্মকে দোষারোপ করা যায় না।
এ সময় বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, লেবাসের ইসলাম নয়, আমরা ইনসাফের ইসলামে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, সবকিছুতে মুসলিমরা ছিল পথপ্রদর্শক। তারা কেন আজ পিছিয়ে থাকবে? মুসলিমদের মধ্যে সঠিক ইসলামের জ্ঞান অর্জনে সহায়তা ও তাদের ইতিহাস-ঐতিহ্য জানতে সারাদেশে ৫৬০ মডেল মসজিদ নির্মাণ। এরমধ্যে ৫০টি আজ উদ্বোধন করছি। এই মসজিদ থেকে মানুষ যেন ইসলামের মূল কথাটা শিখতে পারে, জানতে পারে।
ইসলামের আদর্শের সাথে মিল রেখে এবং জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে সারাদেশে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে এই ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫৬০টি মডেল মসজিদে সারাদেশে প্রতিদিন ৪ লাখ ৯৪ হাজার ২০০ জন পুরুষ ও ৩১ হাজার ৪০০ জন নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মডেল মসজিদগুলোতে ১৩টি বিশেষ সুবিধার মধ্যে মসজিদে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ্ব পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা থাকবে।
বার্তাবাজার/নব