৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইসলামের প্রচার ও প্রসার এবং মসজিদকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে প্রথম ধাপে নির্মিত এই মসজিদগুলোর উদ্বোধন করেন তিনি।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এর মধ্যে প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে।

প্রথম ধাপে উদ্বোধন করা ৫০টি মডেল মসজিদগুলো ঢাকার সাভার উপজেলা, ফরিদপুরের মধুখালী ও সালথা উপজেলা, মানিকগঞ্জের শিবালয় উপজেলা, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর উপজেলা, শরিয়তপুর সদর ও গোসাইহাট উপজেলা, রাজবাড়ি সদর উপজেলা,বগুড়ার শারিয়াকান্দি, শেরপুর ও কাহালু উপজেলা, নওগাঁর সাপাহার ও পরশা উপজেলা, সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা, রাজশাহীর গোদাগারি ও পাবা উপজেলা, পাবনার চাটমোহর উপজেলা, দিনাজপুরের খানসামা ও বিরল উপজেলা, পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলা, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা, রংপুর জেলা, সদর উপজেলা, মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা, সিলেটের দক্ষিণসুরমা উপজেলা, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা উপজেলা, জামালপুর সদর ও ইসলামপুর উপজেলা, চট্টগ্রাম জেলা, লোহাগড়া, মীরসরাইর ও সন্দ্বীপ উপজেলা, খাগড়াছড়ির পানছড়ি উপজেলা, চাঁদপুরের কচুয়া উপজেলা, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগর উপজেলা, ভোলা সদর, কুমিল্লার দাউদকান্দি উপজেলা, কুষ্টিয়া সদর, খুলনা জেলা, ঝালকাঠির রাজাপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায় নির্মিত হয়েছে।

৫৬০টি মডেল মসজিদে সারাদেশে প্রতিদিন ৪ লাখ ৯৪ হাজার ২০০ জন পুরুষ ও ৩১ হাজার ৪০০ জন নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

জানা গেছে, মডেল মসজিদগুলোতে ১৩টি বিশেষ সুবিধার মধ্যে মসজিদে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ্ব পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা থাকবে।

ইসলামের আদর্শের সাথে মিল রেখে এবং জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে সারাদেশে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে এই ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর