মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ নাসির উদ্দিন (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৯জুন) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় নিহতের বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত নাসির উদ্দিন বাস্তা গ্রামের মোঃ ইসহাক উদ্দিনের পুত্র। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ জাফর নামের একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হত্যাকান্ডের আগের দিন মঙ্গলবার (৮ জুন) বিকেলে তুচ্ছ ঘটনার জের ধরে নিহত নাসির হোসেনের চাচাত ভাই আরিফুল ইসলামের (২০) সাথে একই গ্রামের কালা মিয়ার ছেলে কামরুলের (২০) কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফুল পরিবার নিয়ে কামরুলের বাড়িতে বিচার চাইতে গেলে আবারও লাঞ্ছিত হয়। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (৯ জুন) রাত সোয়া আটটার দিকে কামরুল ও টার চাচাত ভাই হাজী সফরের পুত্র লাবুসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে নাসির, তার দুই ভাই এরশাদ ও বসিরের উপর হামলা করে। এসময় লাবু চাইনিজ কুড়াল দিয়ে নাসিরকে কুপিয়ে রক্তাক্ত করে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশের খালে ফেলে দেয়। স্থানীয়রা নাসিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল রিয়াজুল হক, অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা ও ওসি তদন্ত আবুল কালাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ পরিদর্শক (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
মিলন মাহমুদ/বার্তাবাজার/পি