চোখ উপড়ে প্রবাসীকে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব শত্রুতার জেরে কামাল উদ্দিন (৩৮) নামে এক প্রবাসীকে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (০৯ জুন) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরকাজী মোখলেস গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন একই গ্রামের ওবায়দুল হক ওদু মিয়ার ছেলে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

জানা যায়, জমি নিয়ে কামাল উদ্দিনের সাথে একই এলাকার মৃত সফিউল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুরের দিকে মোটরসাইকেলে করে স্থানীয় মালেকের দোকান থেকে তেল নিতে আসেন কামাল উদ্দিন। তখন পেছন থেকে মৃত সফিউল্লার ছেলে মাঈন উদ্দিন, রফিক, ইসমাইল ও রফিক উদ্দিনের ছেলে আবুল কালামসহ কয়েকজন তার ওপর হামলা চালায়।

হামলাকালে কামালের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ও তার মোটরসাইকেল ভাংচুর করে। কামাল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী রফিক স্ক্রড্রাইভার দিয়ে কামালের চোখে আঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে কালু মিয়া নামের এক জনকেও কুপিয়ে আহত করে তারা।

কামালের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কামালকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লায় কাছে মারা যায় কামাল।

চরজব্বার থানার ওসি জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জেরে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসমাইল ও আবুল কালাম নামের দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর