হেফাজতের আন্দোলনে যুক্ত বারিধারা মাদ্রাসার মুহতামিম ও মুহাদ্দিস বহিস্কার

হেফাজতের আন্দোলনের সাথে সম্পৃক্ত দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিস্কার করেছে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা কর্তৃপক্ষ। বুধবার (০৯ জুন) বহিস্কারের আদেশ পাওয়া ওই দু’জন হলেন- মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী।

মাদ্রাসার দায়িত্বশীল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৭ জুন মাদানি সোসাইটি বাংলাদেশের সভাপরি বদিউর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে প্রতিষ্ঠানটির সব পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি।

অন্যটি হচ্ছে, ওই দু’টি শূন্য পদে আপাতত বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ দায়িত্ব পালন করবেন। অর্থাৎ নিজ দায়িত্বের বাইরে তিনি এখন বারিধারা মাদ্রাসার অতিরিক্ত ভারপ্রাপ্ত মুহতামিম।

তাদেরকে অব্যহতি প্রদানের কারণ হিসেবে মজলিসে শুরার রেজুলেশনে বলা হয়, জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে হেফাজতে ইসলাম ইস্যুতে বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছেন।

এছাড়া বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি থাকায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে জামিয়ার মুহতামিম পদসহ অন্যান্য সকল পদ থেকে তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে শুরা কমিটির অন্যতম সদস্য ও বারিধারা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী বলেন, রাজনৈতিক ইস্যুতে নানারকম বক্তব্য দিয়ে তারা দু’জন বিতর্কিত হয়ে পড়েছেন। তাই প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে শুরা কমিটিকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর