নাটোরে লকডাউন না মানায় সদরে ২৯ ও সিংড়ায় ৩০ জনকে জরিমানা
নাটোর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই জন। একই সময়ে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত নতুন আরও ৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫২ দশমিক ২৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৬৭ দশমিক ৩০ শতাংশ। এমতাবস্থায় করোনার সংক্রমণরোধে নাটোরে চলমান লকডাউনে বিধিনিষেধ না মানায় ২৯ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৯ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় চলছে কঠোর লকডাউন। বুধবার সকাল ৬টা থেকে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে পুলিশ ও প্রশাসন। সদর ও সিংড়া পৌর এলাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে শহরের প্রাণকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। চলছে না গণপরিবহন। এ সময় বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২৯ জনকে ২৯টি মামলায় ছয় হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া সিংড়ায় লকডাউন চলাকালে স্বাস্থ্য বিধিনিষেধ অমান্য করায় নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম ১৬ জনকে জরিমানা করেন। অপরদিকে সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান একই অপরাধে ১৪ জনকে জরিমানা করেন।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, শুরু থেকেই লকডাউন কঠোরভাবে প্রতিপালন করা হবে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। লকডাউনের কারণে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী বেকার হয়েছেন, তাঁদের মধ্যে ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে।
সাকলাইন শুভ/বার্তাবাজার/ই.এইচ.এম