বাবাকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের হামলার শিকার কুবি শিক্ষার্থী

ব্রেইনস্ট্রোক করা বাবাকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স চালকদের সিণ্ডিকেটের হামলার শিকার হয়েছেন কুবি শিক্ষার্থী কাজী সোহেল রানা ও তার বন্ধু শওকত রেজা।

গত সোমবার (৭ জুন) মধ্যরাতে কুমিল্লা টাওয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বুধবার তাদের উপর হামলায় অংশ নেওয়া অ্যাম্বুলেন্স চালক এমদাদ হোসেন ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কাজী সোহেল রানার বন্ধু আরেক কুবি শিক্ষার্থী শওকত রেজা। এরপর তাদের কান্দিরপাড় পুলিশ ফাঁড়িতে পাঠানো হলে সেখানে প্রাথমিক বিচার শেষে মিমাংসা করা হয়।

ঘটনার ব্যাপারে ভুক্তভোগী শওকত রেজা বলেন, আমি অ্যাম্বুলেন্স ঠিক করার জন্য পরিচিত এক ড্রাইভারকে ফোন করে নিয়ে এসে আংকেলকে (রোগী) অ্যাম্বুলেন্সে উঠানোর জন্য নিচে নামিয়ে আনি। এমন অবস্থায় টাওয়ার হাসপাতালের সামনে অবস্থানরত কয়েকজন ড্রাইভার বাধা সৃষ্টি করে, যেন আমরা তাদের গাড়ি ব্যবহার করি। ড্রাইভারদের মধ্যে একজন আমাদের সাথে উগ্র আচরন করে। পরিস্থিতি ভিডিও করার এক পর্যায়ে ভিডিও ক্লিপে উপস্থিত ড্রাইভার আমার গায়ে আঘাত করে। আমার হাতের ডিভাইসটি পরে যায়। তাদের এমন আচরণে আমাদের আরেক জন বন্ধু প্রতিবাদ করলে তাকেও আঘাত করা হয়। তখন উপস্থিত কয়েক জন ওদেরকে বুঝিয়ে আমাদেরকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সে ওঠিয়ে দেয়। এক্ষেত্রে মুমূর্ষু রোগীর শারীরিক অবস্থা আরো নাজুক হয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রাইভাররা যদি সিন্ডিকেট করে সাধারণ রোগীদের এই ভাবে হয়রানি করে এই ক্ষেত্রে হাসপাতালের কর্তৃপক্ষের ভূমিকা কী? আজকে যদি এই বিলম্বের কারণে রোগী মারা যায় এর দায়ভার কে নিবে?

এ ব্যাপারে কুমিল্লা টাওয়ার হাসপাতালের সহকারী ম্যানেজার ফখরুল ইসলাম বলেন, এটা বাহিরের ঘটনা। এ ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে একটা সিন্ডিকেট এখানে কাজ করে জানতাম।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ভুক্তভোগী শওকত রেজা আমাদের কাছে এসে মৌখিক অভিযোগ জানালে আমরা তখনই মারধরের অভিযুক্তদের থানায় এনে বিচার করেছি এবং তাদের গাড়ি সে জায়গা থেকে নিষিদ্ধ করেছি। এছাড়াও মারধরের শিকার শওকত রেজাদের কাছে পায়ে ধরে মাফ চেয়েছে তারা। এরপর উভয় পক্ষের মাঝে বিষয়টি মিমাংসা হয়েছে।

সাজ্জাদ বাসার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর