১০০ আফগান সেনা তালেবানের হাতে বন্দি

আফগানিস্তানে সম্প্রতি তালেবানের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে দেশটির বেশ কয়েকটি জেলা নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে তারা। এরই মধ্যে পাওয়া গেল ফারিব প্রদেশে তালেবানের সাথে সরকারি বাহিনির সংঘর্ষের খবর। সেখানে অন্তত ১০০ আফগান সেনা বন্দি হয়েছে তালেবানের হাতে।

স্থানীয় প্রশাসনের ভাষ্য, বন্দি হওয়া সেনারা জীবিত নাকি মৃত তার কোনো তথ্য তারা এখনও পায়নি।

সরকারি কর্মকতাদের বরাতে জর্ডানের গণমাধ্যম মিনাএফএন জানায়, কায়সার জেলার একটি সামরিক ঘাঁটি চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ চালায় তালেবান যোদ্ধারা। বেশ কিছুক্ষণ সংঘর্ষের পর সরকারি সেনারা পার্শ্ববর্তী কোহি গ্রামের দিকে সরে যায়। পরে ওই গ্রামটিও দখল করে নেয় তালেবান। এসময় অন্তত ১০০ সেনা তাঁদের হাতে ধরা পড়েন।

ফারিব প্রদেশের কাউন্সিলর আব্দুল মানান কাটি জানান, তারা ২০ জন সেনা নিহত হওয়ার খবর পেয়েছেন। বাকি ৮০ জন তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি আরও জানান, তালেবান সেনাবাহিনীর সাতটি সামরিক যান এবং বেশ কিছু গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র জব্দ করেছে।

তবে আরও একটি সূত্র জানায়, গ্রেফতার সেনাদের পার্শ্ববর্তী বরি জেলায় নিয়ে গেছে তালেবান যোদ্ধারা। সময় মতো বাইরে থেকে সহায়তা না পাওয়া এবং বিমান বাহিনীর সহায়তা না মেলায় তালেবানের হাতে পরাস্ত হতে হয়েছে সেনাদের।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর