মোংলায় চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১৬ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে নতুন করে অধিক কঠোরতর বিধি নিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (৯ জুন) দুপুরে এ নতুন বিধি নিষেধ জারি করে বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন, মোংলার করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সংশ্লিষ্টদের নিয়ে বসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, নিত্য প্রয়োজনীয় কাঁচা, মুদি, মাছ ও মাংসের দোকানপাট আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ সকল পণ্যের দোকানপাটগুলো সরিয়ে খোলা মাঠে নেয়ার পাশাপাশি সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া পৌর শহরের সকল দোকানপাট, হোটেলসহ জরুরি প্রয়োজন ছাড়া নদী পারাপার বন্ধ থাকবে শহরতলীর পশুর হাটগুলো বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। অধিক কঠোরতর এ বিধি নিষেধ বাস্তবায়নে মোবাইল টিম, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবে বলে জানান জেলা প্রশাসক।
হঠাৎ করে মোংলায় করোনা সংক্রমণ ও শনাক্ত বাড়তে থাকায় প্রথম দফায় গত ৩০ মে থেকে ৮ দিনের কঠোর বিধি নিষেধ জারি করে স্থানীয় প্রশাসন। তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১৬ জুন বুধবার মধ্যরাত পর্যন্ত আরও অধিক কঠোর বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন।
এদিকে চলমান বিধিনিষেধের ফলে বুধবার(৯ জুন) মোংলায় ঔষধ ও নিত্য প্রয়েজনীয় ব্যাতিত মোংলা পৌর শহরের সকল দোকান পাট বন্ধ ছিলো। শহরের প্রবেশের চারটি প্রবেশ পথে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। বিনা প্রয়োজনে কাউকে শহরে প্রবেশ করতে দেয়া হয়নি। শহরে টহল দিয়েছে কোস্টগার্ডের টহল টিম। এছাড়া পুলিশের কয়েকটি মোবাইলটিম শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে দায়িত্ব পালন করছে। মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় প্রশাসন কতৃক আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অন্যদিকে বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে শহরের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোটের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, চলমান বিধি নিষেধে করোনায় আক্রান্তের হার না কমায় বৃহস্পতিবার(১০ জুন) থেকে ১৬ জুন রাত পর্যন্ত বিধিনিষেধ আরো কড়াকড়ি করা হচ্ছে। আর এটি বাস্তবায়নে সকল ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।
এদিকে বুধবার(৯ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ৩৩ জনের নমুনা সংগ্রহ করে ২৩ জনের শরিরে করোনা সনাক্ত হয়। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২০ এপ্রিল থেকে মোংলায় র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে করোনার পরিক্ষা শুরু করা হয়। ২৯ মে পর্যন্ত এক মাস নয় দিনে ১৮২ জনের করোনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর পর ১ জুন ৫৯ জনের পরিক্ষায় ৩৩ জন পজিটিভ হন। ৩ জুন ২৫ জনের নমুনা পরিক্ষায় ১০ জনের পজিটিভ আসে, ৫ জুন ৪৮ জনের পরিক্ষায় ৩৪ জন, ৬ জুন ৩৮ জনের পরিক্ষায় ২০ জন,৭জুন ২৬ জনের পরিক্ষায় ১৪ জন আর ৮ জুন ৪৯ জনের নমুনা পরিক্ষায় ৩০ জনের পজিটিভ হয়।
কামরুজ্জামান জসিম/বার্তাবাজার/ই.এইচ.এম