এসআই স্বামী ও তার নারী সহকর্মীর নামে নারী এসআইয়ের মামলা

রাজশাহীতে এসআই স্বামী ও তার নারী এসআই পরকীয়া প্রেমিকার নামে মামলা দায়ের করেছেন এক নারী এসআই। বুধবার (০৯ জুন) রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত ও ভুক্তভোগী সবাই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

মামলার বাদী ওই এসআই (৩৫) পুলিশের সিআইডি বিভাগের রাজশাহী বিভাগে কর্মরত আছেন। আর মামলার অভিযুক্তরা হলেন তার স্বামী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত এসআই ওবাইদুল কবির (৩৫) ও ঢাকার নবাবগঞ্জ থানায় কর্মরত এসআই পলি (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে এসআই ওবাইদুলের সঙ্গে নারী এসআইয়ের বিয়ে হয়। কিন্তু এসআই ওবাইদুল এসআই পলি আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। তাই তিনি নিজের স্ত্রীকে চাকরি ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। বাধ্য হয়ে ওই নারী এসআই ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন।

আরও বলা হয়, ওই নারী এসআইকে হেয় প্রতিপন্ন করতে তার নামে ভুয়া অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্নজনকে পাঠিয়েছেন এসআই ওবাইদুল কবির সুমন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে তিনি এসব পাঠিয়েছেন। এতে ওই নারী এসআই এবং তার পরিবারের সদস্যরা হেয় প্রতিপন্ন হয়েছেন। এ কারণে ভুক্তভোগী এসআই স্বামীসহ দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করেছেন। তিনি আগামী ৭ জুলাইয়ের মধ্যে পুলিশি প্রতিবেদন দাখিলের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আদালত থেকে তিনি এখনও কোনো নথিপত্র পাননি। তাই মামলার বিষয়ে জানেন না। নথিপত্র হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর