টাকা না দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে পেটালেন আ’লীগ নেতা

ফেনীর দাগণভুঞায় তোফাজ্জল হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করার অভিযোগে উঠেছে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। সোমবার (০৭ জুন) বিকালে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক পাশের গ্রামে দিলপুরের টুকা মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের কাছে জমি কেনার জন্য গত বছরের ১৮ ফেব্রুয়ারি ৫০ হাজার টাকা বায়না করেন। কিন্তু দীর্ঘদিনেও জমি রেজিস্ট্রি করেননি আওয়ামী লীগ নেতা রাজ্জাক।

সম্প্রতি তার বায়নার টাকা ফেরত চেয়ে বসেন। সোমবার বিকালে টাকারে জন্য তোফাজ্জল হোসেনের বাড়িতেও যান। তখন জমির টাকা ফেরত না দিয়ে জমি রেজিস্ট্রি করে বুঝে নিতে বলেন তোফাজ্জল হোসেন।

কিন্তু একথা না মানায় আব্দুর রাজ্জাকের সাথে বাগবিতণ্ডা হয় তোফাজ্জলের। এক পর্যায়ে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে তোফাজ্জলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে। স্থানীয় লোকজন আহতের চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওইরাতেই তোফাজ্জল হোসেন বাদী হয়ে উপজেলার সত্যপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাককে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক জানান, জমিতে নানা সমস্যা থাকায় তিনি জমি কিনতে ইচ্ছুক নন। বায়নার টাকা চাওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে। মারধরের ঘটনা সঠিক নয়।

দাগণভুঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর