অসুস্থ হয়ে পড়ে আছে হনুমান, ৯৯৯-এ ফোন দিয়েও মেলেনি সহায়তা
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের একটি বাড়িতে বিরল প্রজাতির একটি হনুমান আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে। ওই বাড়ির লোকজন হনুমানটি উদ্ধারের জন্য দুইদিন ধরে ৯৯৯ নম্বরে ফোন করে কোন সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী মামুন মিয়া। তিনি ওই গ্রামের সহির উদ্দিনের ছেলে।
তিনি জানান, কয়েকদিন আগে হঠাৎ করেই তাদের বাড়িতে আসে হনুমানটি। খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করতে থাকে বাড়িটিতে। কেউ কেউ কলা, পাউ রুটিও খেতে দেয় এই প্রাণীকে। দুইদিন আগে
সোমবার হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এসময় একটি কুকুর প্রাণীটির পিঠে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়ে প্রাণীটি। তারা প্রাণীটির ক্ষত স্থানে ঔষুধ লাগিয়ে দেয়।
এরপর থেকে দুইদিন (মঙ্গলবার এবং বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোন সহায়তা পাচ্ছেন না এলাকাবাসী। এরমধ্যে
বুধবার (৮ জুন) সকালে বৃষ্টিতে ভিজে প্রাণীটি আরো অসুস্থ হয়ে পড়লে সেটি গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন প্রাণীটিকে পলিথিন দিয়ে ঢেকে দেয়। তারা দ্রুত প্রাণীটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার দাবি জানান।
এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রানা মিয়া জানান, বিষয়টি আমার জানা নেই। তবে প্রাণীটির চিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পদ থেকে ব্যবস্থা নেয়া হবে।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম