স্ত্রীর করা যৌতুক মামলায় স্কুলশিক্ষক কারাগারে, ৩ ঘণ্টার মধ্যে চার্জশীট

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী’র করা যৌতুক ও নির্যাতন মামলায় মিজানুর রহমান নামের এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর ময়মনসিংহের ভালুকা উপজেলার হোসেনপুর গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি সখীপুর উপজেলার লাঙুলিয়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক। এদিকে, মামলার ৩ ঘণ্টার মধ্যেই পুলিশ স্কুলশিক্ষক মিজানুর রহমানকে একমাত্র আসামী করে আদালতে চার্জশীট জমা দেয়।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ নভেম্বর মিজানুর রহমানের সঙ্গে উপজেলার দাড়িয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মেয়ে রুমির আক্তরের বিয়ে হয়। বিয়ের সময় রুমির বাবা মেয়েকে চার ভরি স্বর্ণালংকার দেন। বিয়ের পরের বছর মিজানুর একটি মোটরসাইকেল দাবি করেন। জামাতাকে দেড় লাখ টাকার একটি মোটরসাইকেলও কিনে দেন। ২০১৭ সালে রুমির গর্ভে কন্যাসন্তান আসে। অস্ত্রোপচারের জন্য শ্বশুরের কাছ থেকে ২০ হাজার টাকা নেন মিজানুর। দুই বছর আগে চাকরিতে সমস্যার কথা বলে শ্বশুরের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা আদায় করেন তিনি। চার মাস ধরে আরও দুই লাখ টাকা দাবি করে স্ত্রী রুমিকে নির্যাতন করে আসছিলেন মিজানুর। এ সব ঘটনার জেরে কিছুদিন আগে মিজানুর তাঁর স্ত্রীকে তালাক দেন। তালাকের খবর পেয়ে মঙ্গলবার রাতে রুমি আক্তার বাদী হয়ে স্বামীকে একমাত্র আসামী করে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে সখীপুর থানায় মামলা করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বলেন, শিক্ষক মিজানুরের বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে। তাঁকে সমিতি থেকে বরখাস্ত করা হবে।

এ ব্যাপারে সখীপুর থানার (ওসি) এ কে সাইদুল হক জানান, স্ত্রী’র করা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মামলার ৩ ঘণ্টার মধ্যেই আসামীকে গ্রেফতার এবং আদালতে চার্জশীট দেয়া হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর