বরিশালের হিজলায় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। উপজেলা শ্রমিকলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার (০৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খুন্না বন্দর এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে এমপি পংকজ নাথ বলেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের সাথে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত গ্রুপের বিরোধ বহুদিনের। পূর্ববিরোধের জেরে উভয়পক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে। ওইসময় সংঘর্ষস্থল দিয়ে গাড়িবহর নিয়ে যাওয়ার সময় তার গাড়ির কাঁচে হামলা চালায় দুর্বৃত্তরা। তবে তার ওপর কেউ হামলা চালায়নি।
জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ চলছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান ভিন্ন কথা। তারা বলেন, উপজেলার গুয়াবাড়িয়া ও বড়জালিয়া ইউনিয়নে বিকালের দিকে দলীয় কর্মসূচীতে অংশ নেন এমপি। সেখান্থেকে ফিরে ডাকবাংলোতে বিশ্রাম শেষে রাত সোয়া ৯টার দিকে হিজলা ফেরীঘাটের দিকে যাত্রা শুরু করেন।
হিজলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছাকাছি পৌঁছলে একদল বিক্ষুদ্ধ লোক তার গাড়িবহরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন এমপি পংকজকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙে চালক শুক্কুর সামান্য আহত হন।
এ বিষয়ে হিজলা থানার পরিদর্শক তারিকুল ইসলাম রাসেল বলেন, এমপি সাহেব সুস্থ স্বাভাবিক আছেন। তার গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা বাজার/এসজে