রোহিঙ্গা ও করোনা ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করতে সম্মত জাপান

করোনা ও রোহিঙ্গা ইস্যুতে একত্রে কাজ করতে সম্মত হয়েছে জাপান ও বাংলাদেশ। বুধবার (০৯ জুন) জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎকালে এ বিষয়ে সম্মতির কথা জানান। এসময় তারা সাধারণ বিষয় ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা অংশগ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উভয় পক্ষ ২০২২ সালে উচ্চ-স্তরের বিনিময়ের মাধ্যমে উপযুক্তভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশতম বার্ষিকী স্মরণে সম্মত হন।

আলাপকালে প্রতিমন্ত্রী মহামারি মোকাবিলায় সরকারের গৃহীত উদ্যোগের বিষয়ে জাপানি রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য জাপানের কাছ থেকে আরও সহায়তা প্রত্যাশা করেন। এ সময় জাপানি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহামারি চলাকালীন বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি কোভিড পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

রোহিঙ্গা ইস্যুতে প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের অভ্যন্তরে অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে জাপানকে সহায়তা করার আহ্বান জানান। রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য জাপানের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর