সুনামগঞ্জের তাহিরপুরে একটি মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসীরা। মঙ্গলবার (৮ জুন) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ের গোলাবাড়ি গ্রাম সংলগ্ন ‘রামসার সাইট’ টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত হিজল করচ বাগান থেকে প্রাণীটিকে হত্যা করা হয়।
টাঙ্গুয়ার হাওরে এ ধরনের প্রাণীর অভয়াশ্রম। একসময় হাওর এলাকায় প্রচুর মেছো বিড়াল দেখা গেলেও এখন অনেক কমে গেছে।
স্থানীয়রা জানান, টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন হতে একটি মেছো বিড়ালকে ঘণ্টাব্যাপী ধাওয়ার পর সেটিকে কোচ (মাছ ধরার ধারালো অস্ত্র) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয় গোলাবাড়ি গ্রামের সামরান মিয়ার নেতৃত্বে বন্যপ্রাণীটি হত্যার ঘটনা ঘটে।
অভিযোগের বিষয়ে সামরান মিয়া বলেন, গ্রামের শিশুদের ক্ষতি করতে পারে ভেবে সেটিকে হত্যা করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, এ ব্যাপারে বন বিভাগকে অবগত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/পি