বারাশিয়া নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বারাশিয়া নদীতে নিখোঁজ হওয়া ফাতেমা খানম নামে ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

একদিন পরে বুধবার (৯ জুন) সকাল সাড়ে ৮টায় নিখোঁজের শিশুটির বাড়ির সামনে থেকেই লাশটি উদ্ধার করা হয়। ফাতেমা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের ফায়েক মোল্যার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফায়েক মোল্যা প্রায় পাঁচ বছর আগে অন্যত্র থেকে এসে জাটিগ্রাম বাজার সংলগ্ন বারাশিয়া নদীর বেড়িবাঁধে পরিবার নিয়ে বসবাস করছেন। মঙ্গলবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি ঘরের পাশে বারাশিয়া নদীতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নদীতে অনুসন্ধান করে তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে বিকালে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তাদের ডুবুরি দলের সদস্য না থাকার কারণে খুলনা থেকে তিন সদস্যের ডুবুরি দল এনে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পেয়ে তারা চলে যায়। এরপর নিখোঁজের একদিন পর বুধবার সকালে শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে তার স্বজনেরা লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার এসআই উত্তম কুমার সেন বার্তা বাজারকে জানান, ‘শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। কিন্তু শিশুটিকে উদ্ধারে খুলনা থেকে ডুবুরি দল এনে নদীতে অনেক উদ্ধার তৎপরতা চালিয়েও কোন খোঁজ পাওয়া যায়নি। এরপর নিখোঁজের একদিন পর শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর