বারাশিয়া নদীতে শিশু নিখোঁজ, সন্ধানে ডুবুরি দল

ফরিদপুরের আলফাডাঙ্গায় বারাশিয়া নদীতে ফাতেমা খানম নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা চালান।

তবে রাত ৯টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ফাতেমা খানম উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম ফায়েক মোল্যার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফায়েক মোল্যা প্রায় চাঁর বছর আগে অন্যত্র থেকে এসে জাটিগ্রাম বাজার সংলগ্ন বারাশিয়া নদীর বেড়িবাঁধে পরিবার নিয়ে বসবাস করছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যদের ধারণা, তাদের ঘরের সাথে নদী থাকার কারণে শিশুটি পানিতে ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নদীতে অনুসন্ধান করে তাঁকে উদ্ধার করতে পারেননি। এরপর বিকালে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তাদের ডুবুরি দলের সদস্য না থাকার কারণে খুলনা থেকে তিন সদস্যের ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালায়।

আলফাডাঙ্গা থানার এসআই উত্তম কুমার সেন বার্তা বাজারকে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে নদীতে অনেক উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। কিন্তু শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি।’

খুলনা ডুবুরি দলের নেতা আরিফুল হক বার্তা বাজারকে জানান, ‘ধারণা করা হচ্ছে, নদীর প্রবল স্রোতে শিশুটিকে ভাসিয়ে নিয়ে গেছে। তবে তাঁকে উদ্ধারে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। কিন্তু নদীতে কচুরিপানা থাকার কারণে উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হয়েছে।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর