নওগাঁর ধামইরহাটে ফের করোনায় আক্রান্ত হয়ে মো. ছাইম উদ্দিন (৭২) নামের একজন কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার আলমপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত কছিমউদ্দীনের ছেলে।
মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে গিয়ে আকস্মিক ভাবে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আগের দিন দুপুরে শরীরে জ্বর,সর্দিকাশি নিয়ে সে হাসপাতালে ভর্তি হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ওইদিন করোনার উপসর্গ নিয়ে ছাইম উদ্দিন হাসপাতালে ভর্তি হন। পরে এন্টিজেন পরীক্ষার মাধ্যমে রোগীর করোনা পজেটিভ হলে তাকে কোভিড ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান চলা অবস্থায় হাসপাতালের বাথরুমে পড়ে গিয়ে সেখানে তার মৃত্যু হয়। স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে বলেও ধারনা করা হচ্ছে।
বর্তমানে এ উপজেলায় ২৩ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। মোট ১২৭ জন আক্রান্ত হলেও সুস্থ্য হয়েছে ৯৭ জন। এবং মৃত্যু সংখ্যা ৫ জন।
রেজুয়ান আলম/বার্তাবাজার/ই.এইচ.এম