ক্ষমতায় আসলে ‘গুম’ নেতাদের খুঁজে বের করবে বিএনপি

প্রায় ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আবারও ক্ষমতায় যায় তাহলে দলের গুম হওয়া সকল নেতাকে খুঁজে বের করবে। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার রাজধানীর নয়াবাজার এলাকায় জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

সভায় উপস্থিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে গুম হয়ে গেছে তাদের আমরা ফেরত চাই। যাদের হদিস সরকার দিতে পারছে না তাদের কী করা হয়েছে, তা জানানোর জোর দাবি জানাই।

তিনি বলেন, পুরান ঢাকা থেকেই কমপক্ষে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। তাদের অনেকেই ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাদের হারিয়ে ফেলে অনেক পরিবার আছেন যারা অসহায় হয়ে পড়েছেন। অবিলম্বে তাদের নিখোঁজ সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

সভা শেষে বিভিন্ন সময় ‘গুমের’ শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর