জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গান গেয়েছেন। তার গানের বিষয়বস্তু ছিল দেশের উত্তরাঞ্চলের বিখ্যাত চিলমারী বন্দর। মঙ্গলবার (৮ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
অন্যদিকে আগারগাঁও প্রান্তে এনইসি সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি জানান, চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। এ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ‘ওকি গাড়িয়াল ভাই… হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দর এ রে…’এই ভাওয়াইয়া গানটির কয়েকটি লাইন গেয়ে শুনিয়েছেন।
বন্দরটির বিষয়ে তিনি জানান, চিলমারীর বন্দরটি এক সময় ব্যস্ত ছিল। এ প্রকল্পটির মাধ্যমে আমরা সেই জাঁকজমকপূর্ণ অবস্থানটি ফিরিয়ে আনব। চিলমারী এলাকায় নদী বন্দর নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বরে বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ।
এদিকে চিলমারী বন্দর ছাড়াও ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। মোট ১০ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা।
বার্তা বাজার/এসজে