বগুড়ার শেরপুরের আওলাকান্দি গ্রামে ফ্রিফায়ার গেমস খেলতে না পারায় ক্ষুব্ধ হয়ে ইন্টারনেটের তার কাটতে গিয়ে রকি হাসান (১৫) নামে এই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) সকালে উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মো. মাহবুবের ছেলে ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রকিসহ কয়েকজন মিলে একই গ্রামের আবু বকর বাড়িতে ফ্রি ফায়ার গেমস খেলার জন্য ইন্টারনেট সংযোগ নেয়।
কিছুদিন পর ওই বাড়ি থেকে ইন্টারনেটের রাউটার চুরি হয়ে যায়। যার প্রেক্ষিতে বাড়ির মালিক আবু বকর ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দেয় নেট ব্যবসায়িকে।
এ কথা শুনে রকি ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে পল্লী বিদ্যুতের খুঁটির সাথে লাগানো ইন্টারনেট সংযোগ কাটতে যায়। তখন সে বিদ্যুতের তারের সাথে আটকে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ।
রাশেদুল হক/বার্তাবাজার/পি